শেকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও গেট টুগেদার অনুষ্ঠিত

আজ শনিবার (৮ আগস্ট বিকাল ৪ ঘটিকাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ‘ক্যাডরস’ রিসেপশন অ্যান্ড গেট টুগেদার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীরাই একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমরাই বিশ্ববিদ্যালয়ের সুনামকে বিশ্বের দরবারে উন্মোচিত করবে তোমাদের কষ্টার্জিত মেধা ও প্রজ্ঞা দিয়ে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহেদুর রহমান, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, প্রভোষ্ট নবাবসিরাজ-উদ-দৌলা হল অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ এবং পরিচালক টি এস সি অধ্যাপক মোঃ আক্তার হোসেন ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত শেকৃবির সাবেক শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত শেকৃবির সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে শেকৃবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
‘Honouring the BCS Cadres’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। এছাড়া ইন্টার‌্যাকটিভ সেশনে প্রশ্নোত্তর, ক্যারিয়ার গাইডেন্স ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি স্পন্সর করে Green Bangla Agrovet Limited (GBAL) ও উত্তরণ। অনুষ্ঠানের মূল বার্তা ছিল—“We Learn to Feed the Nation.”

 

স্বাক্ষরিত/-

মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: