তারিখ: ০৪-০১-২০২৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি
যুগপূর্তিতে শেকৃবির 'এএসভিএম ' অনুষদের বর্ণাঢ্য আয়োজন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি হলো ৩ ডিসেম্বর। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
শেকৃবির ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ভিএএসএ) এর ভিপি রাহাত মোল্ল্যা বলেন, বিগত ১২ বছরে এএসভিএম অনুষদের হাত ধরে বিশ্ববিদ্যালয় অনেক কৃতিত্ব অর্জন করেছে। তাই এক যুগ পূর্তির দিনটি আমাদের জন্য অত্যন্ত স্পেশাল। অনুষ্ঠানের শুরুতেই বিকেল ৫টায় শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া স্যার ১২টি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও নৈশভোজ ও ফ্যাকাল্টি নাইট আয়োজন করা হয়। ফ্যাকাল্টি নাইটে অনুষদের নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সাথে পরিচিতি ও সৌজন্য বিনিময় হয়। শীতের রাতে ফল ও পিঠা উৎসব অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়াও ফান গেমের আয়োজন করা হয়। আনন্দঘন ফান গেম শেষে আয়োজন করা হয় রাফেল ড্র। শেষ পর্বে ফান গেম ও রাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এমন আড়ম্বরপূর্ণ আয়োজন অনুষদে কর্মরতদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করি।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, এএসভিএম ফ্যাকাল্টির এরকম আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সার্বক্ষণিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নিযয়োজিত থাকেন বিধায় সামাজিক আচার অনুষ্ঠানে পারস্পরিক যোগাযোগের ঘাটতি হতে পারে। এক্ষেত্রে অনুষদীয় যুগপূর্তী অনুষ্ঠান ও নৈশ ভোজ নিঃসন্দেহে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় সকলকে উৎসাহিত করবে।
তিনি আরো বলেন, শেকৃবির এএসভিএম অনুষদ বয়সে নবীন হলেও বিভিন্ন ধরনের কার্যক্রমে অনেক পরিপক্কতা দেখিয়েছে যা অন্যদের অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে এ অনুষদের কার্যক্রম দেশ-বিদেশে আরও সুনাম কুড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেইন, অধ্যাপক ড. লাম ইয়া আসাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।
এএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম বলেন, আমাদের দ্বি বার্ষিক কর্ম পরিকল্পনার একটি অংশ ছিল অনুষদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে যুগপূর্তী অনুষ্ঠান এবং ফ্যাকাল্টি নাইট আয়োজন করা। অনুষদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে আয়োজন করতে পেরেছি। এই ধরনের আয়োজন সহকর্মীদের মাঝে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার মানসিকতাকে উজ্জীবিত করে।
ধন্যবাদান্তে
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা।
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.