শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক 'আউটস্ট্যান্ডিং সিনিয়র সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'-এ ভূষিত হয়েছেন।
জিএনওবিবি অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স-২০২৫ এর বিজয়ীদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে। তার এই স্বীকৃতি বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের বৈজ্ঞানিক অবদানের একটি বড় সম্মান।
ড. জামিলুর রহমান ছাড়াও আরও তিনজন বিজ্ঞানী বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন, 'আজীবন সম্মাননা পুরস্কার'-এ ড. আহমেদ আব্দুল্লাহ আজাদ, 'আউটস্ট্যান্ডিং আর্লি-মিড ক্যারিয়ার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'-এ ড. এম. নাজমুল হক এবং 'আউটস্ট্যান্ডিং নন-রেসিডেন্ট বাংলাদেশি সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড'-এ ড. মোহাম্মদ আশরাফুল আলম।
আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৬ষ্ঠ আইসিবিএইচএ-২০২৫ সম্মেলনের জিএনওবিবি অ্যাওয়ার্ড সেশনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. জামিলুর রহমান বলেন, 'আমার ভিশন হলো জলবায়ু সংকট ও পুষ্টির ঘাটতি মোকাবেলায় উদ্ভাবনী কৃষি গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিকে টেকসই ও উন্নত করা। তার মিশন হল জীন প্রযুক্তি ও উদ্ভিদ প্রজননের মাধ্যমে উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু প্রধান প্রধান ফসলের জাত উন্নয়ন ও উদ্ভাবন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.