শেকৃবির অপরাজিতা'২৪ হলে রিডিং রুম উদ্বোধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অপরাজিতা'২৪ হলের শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নবনির্মিত রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত ৮:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে রিডিং রুমটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন হলো জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং উপভোগ করতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, কৃষি রোভার স্কাউটিং, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কৃষিবিষয়ক সাংবাদিকতা এবং ফিল্ম সোসাইটির মতো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, "তোমরা হলে এসে যে সুন্দর পরিবেশ পেয়েছো, সেটিকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রেখে যাওয়ার চেষ্টা করবে। একটি সুন্দর আবাসিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষাজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, বেগম সৈয়দুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা মোস্তারিন এবং বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজিতা'২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share: