শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে ডি-নথি (D-Nothi) বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে ডি-নথি (D-Nothi) বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন 

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬:
ডিজিটাল প্রশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে D-Nothi বাস্তবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, বর্তমান সময়ে একটি আধুনিক, দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই। ডি-নথি কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কাগজবিহীন কিন্তু আরও দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিবেশবান্ধব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে এ কার্যক্রম সকল দাপ্তরিক কাজে বাস্তবায়নের আহ্বান জানান।
 
উল্লেখ্য, ডি-নথি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত কয়েক মাস যাবত শেকৃবি'র আইকিউএসি’র সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ প্রায় ১৫০ জন শিক্ষক, কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে D-Nothi বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়। অবশেষে, আজ আনুষ্ঠানিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে D-Nothi বাস্তবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
পাইলট প্রোগ্রামে অংশগ্রহণকারী দপ্তরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়, উপ-উপাচার্যের কার্যালয়, কোষাধ্যক্ষের কার্যালয়, আইকিউএসি, সাউরেস (SAURES), আইসিটি সেল, রেজিস্ট্রারের কার্যালয়, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ, অর্থ ও হিসাব শাখা, প্রশাসনের সংস্থাপন-১ ও ২ শাখা, কীটতত্ত্ব বিভাগ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়-এর প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডি-নথি বাস্তবায়ন পাইলট প্রোগ্রামে প্রতিটি দপ্তর ও বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক বিষয়ে নথি ব্যবস্থাপনা ও অনুমোদন কার্যক্রমসমূহ ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়।
 
পাইলট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, সাউরেস-এর পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী। আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান ও অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
 
ডি-নথি পাইলট কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রশাসনিক রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এ উদ্যোগের ফলে দাপ্তরিক কার্যক্রমে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সেবার গতি বৃদ্ধি, নথি সংরক্ষণে আধুনিকায়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: