শেকৃবিতে রজতজয়ন্তী উদযাপন

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী-২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (শুক্রবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
 
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে শেকৃবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপাচার্য রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এরপর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কৃষি অনুষদের সামনে থেকে যাত্রা শুরু করে প্রশাসনিক ভবন, টিএসসি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আবাসিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কৃষক-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসকের সাজে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের কৃষি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। এতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে শেকৃবি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া রজতজয়ন্তী উপলক্ষে উপাচার্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে কেক কাটেন।
 
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ও প্রাপ্তি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলার বাঘ শেরেবাংলা এ. কে. ফজলুল হকের গৌরবময় ইতিহাস ও অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শেকৃবির শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, সাউরেসের পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, পরিচালক বহিঃরাঙ্গন কার্যক্রম ড. মোঃ জামশেদ আলম এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে শেকৃবির ২৫ বছরের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা উদযাপন করা হয়। এ আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
 
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: