শেকৃবিতে এএমআর বিষয়ক যুব পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ “Youth Consultation Workshop on AMR (Antimicrobial Resistant) Country Statement in Bangladesh” শীর্ষক দিনব্যাপী যুব পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ২য় তলায় আয়োজিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন।
কর্মশালায় দেশের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৬০-এর অধিক গ্রাজুয়েট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ১৮টি দলীয় প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে নিয়মতান্ত্রিক উপায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধ গড়ে তোলা এবং মাটি ও পানির দূষণ রোধের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
বিকাল ৩:৩০টায় ড. মোঃ বয়জার রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“পৃথিবীটি মাত্র একটি প্রতিক্রিয়ার উপর টিকে আছে, সেটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। আমরা যদি স্বাস্থ্যের উপর গুরুত্ব দিতে চাই, তাহলে প্রথমে মাটি ও পানির উপর গুরুত্ব দিতে হবে। কারণ মাটি ও পানির মধ্যে রয়েছে লক্ষ লক্ষ অনুজীব, যার মধ্যে কিছু ক্ষতিকর। এই ক্ষতিকর অনুজীব দমন করতে গিয়ে আমরা মাটি ও পানিকে দূষিত করছি। মাটি ও পানিকে দূষণমুক্ত রাখতে পারলে পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রহিম, ভাবের মহাসচিব ড. কবির উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মোঃ আক্তার হোসেন এবং ড. সাজেদা সুলতানা।
কর্মশালায় বক্তারা অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাক্ষরিত/-
মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2026 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.